ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, অনেকে আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন।
বিএনপিদলীয় এই এমপি গতকাল জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করছিলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা জুলাই চেতনা বিক্রি করি না, জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় না। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকেও অন্তরে ধারণ করি।’
মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের এখানে যাঁরা আছেন অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় না।’
তিনি বলেন, ‘অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি যে গাড়িতে চড়তাম, সেই গাড়িটি নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি এখনো সেই গাড়িতেই চড়ি। যারা জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব ওনারা আগে কীসে চড়তেন আর এখন কীসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা যেন মাঝেমধ্যে লাইভ করেন। একটু লাইভ করলেই জাতি দেখত ওনাদের কী (অবস্থা) এখন, আগে কোথায় ছিলেন এখন পরিবর্তনটা কী রকম হয়েছে।##




