সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ-সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণে সরকারের এ উদ্যোগের কথা এমন সময়ে সামনে এলো, যখন আজ পালিত হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ৪ সেপ্টেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও বিভিন্ন প্রশ্নের জবাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ট্রাস্টে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেটি বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার সঙ্গে অপসাংবাদিকতা ও ‘হলুদ সাংবাদিকতা’ রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সক্ষমতা ও কার্যক্রম বাড়ানোর উদ্যোগের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র : বিভিনিউজ২৪.কম







