তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শিক্ষার গুণগত মানোন্নয়নে তাগিদ দিয়ে বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোন ছাড় নয়, এবিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকের সুশিক্ষিত ও নৈতিকতাবোধ সম্পন্ন নতুন প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তাই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং প্রকৃত মানবিক মূল্যবোধে দীক্ষিত করার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।
এর আগে তথ্য প্রতিমন্ত্রী বিদ্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে, এদিন সকালে প্রতিমন্ত্রী তাঁর বাবার স্মৃতিবিজড়িত ও তাঁর নামে প্রতিষ্ঠিত ‘আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহাবিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কলেজ প্রাঙ্গণে আম গাছের চারা রোপন করেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচি সফল করতে সবাইকে বৃক্ষরোপন ও পরিচর্যা করতে হবে।
এরপর পর্যয়ক্রমে তিনি উপজেলার বেশ কয়েকটি ক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, সহকারী কশিনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর খালেক, বিদ্যালয়ের নবগঠিত সভাপতি হাসনাত মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফকির, সাধারন সম্পাদক রফিকুজ্জামান ভুইয়া মনির প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন বিকালে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নান্দাইল পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এই মিছিলের নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।







