আসন্ন শারদীয় দূর্গাপূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সম্প্রীতির বন্ধন বজায় রেখে শারদীয় দূর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এই দেশে নিজ নিজ উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গাপূজাও সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।’ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সমন্বয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদেরকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারসহ নিনবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহের নান্দাইলে ৩১টি পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপনকে আরও উৎসবমুখর ও সুশৃঙ্খল করতে সভায় বিশেষ ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারিভাবে প্রতিটি পূজা মণ্ডপকে ৬০০ কেজি করে চাল এবং মন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া সরকারিভাবে প্রতি মণ্ডপে দুই বান্ডিল করে ঢেউটিন এবং আরও আনুষাঙ্গিক আরও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমান, নান্দাইল ফায়ার এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সায়েদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দিলিপ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু পল্লব রায়, পৌর পূজা কমিটির আহ্বায়ক তপন চন্দ্র দাস এবং সদস্য সচিব সঞ্জয় কুমার বর্মন প্রমুখ।

এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি—সাধারণ সম্পাদক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নান্দাইলের ৩১টি পূজা মণ্ডপ কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অতীতের মতো এবারও পূজার সার্বিক নিরাপত্তায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সভা শুরুর আগে স্বর্গীয় বাবু বিপ্লব চন্দ্র সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।




-400x300.jpg&w=3840&q=75)

