রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজধানীর শাহজাহানপুর থানাধীন ইসলামী ব্যাংক হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সংঘটিত বর্বরোচিত ও সশস্ত্র সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) নেতৃবৃন্দ । তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিএজে সভাপতি এম আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান ন্যাক্কারজন হামলার ঘটনাকে সাংবাদিকদের নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেন। নেতৃদ্বয় বলেন, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর এমন নগ্ন আক্রমণ বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটের মতো মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় এবং দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গুরুতর আহত হয়েছে। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ এই তাণ্ডব থামাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
অন্যদিকে, রোববার রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে সংবাদ সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণ করার সময় হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে, লাঞ্ছিত করে এবং মোবাইল ফোন কেড়ে নেয়।
দুটী ঘটনায় বিএজে নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের এই হামলা মুক্ত গণমাধ্যমের জন্য এক চরম হুমকি। কোনো অপরাধী, সন্ত্রাসী বা সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করলে ভুল করবে। সাংবাদিকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার এই অপচেষ্টা বরদাশত করা হবে না।
বিএজে নেতৃবৃন্দ সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মী এবং হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের অতিদ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন।একইসঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।







