তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের ময়মনসিংহে একটি বিমানবন্দর প্রয়োজন। মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভারসহ এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তকরণ হবে বলেও জানান তিনি।
রবিবার দুপুরে নগরীর আকুয়া দক্ষিণপাড়ায় একটি রিসোর্টে সিটি কর্পোরেশন আয়োজিত মহানগরীতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেই উন্নয়নের রাজনীতি করেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদেরকে সবসময় নির্দেশনা প্রদান করেন। আপনারাও হয়তোবা একদিন রাজনীতিবিদ হবেন, হয়তো আপনাদের মাঝ থেকে এমপি, মন্ত্রী হবেন, হয়তো আপনাদের মাঝ থেকে একদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন। সেজন্য আপনাদেরকে সঠিক পথ বেচে নিতে হবে। সঠিকপথে চলতে হবে। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনে ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করছি। এই তথ্য কমপ্লেক্সে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে। থাকবে সাংবাদিকদের জন্য সুযোগ সুবিধা। থাকবে বিনোদনের জন্য একটি আধুনিক সিনেপ্লেক্স এবং বিভিন্নরকম বিনোদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেনীপেশার মানুষের বিনোদন ব্যবস্থা। ময়মনসিংহবাসি সেইসব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও দেশের ৬৪ জেলায় এমন তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম যে আমাদের ময়মনসিংহে একটি বিমানবন্দর প্রয়োজন। বিমানমন্ত্রী এখানে আছেন তিনি ঘোষণা দিবেন। এসময় উপস্থিত শিক্ষার্থীসহ জনতা করতালি দিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যবসায়ি, খেলোয়ার হবেন, বিভিন্ন শেনীপেশার মানুষকে সহযোগিতা করবেন দেশকে সহযোগিতা করবেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন আমরা সেই আশা করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের পরীক্ষায় নকল বন্ধ করেছেন। এখণ থেকে মেধার ভিত্তিতে যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে ততদিন মেধার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল পাবেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভারসহ এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তকরণের জন্য ময়মনসিংহ বিভাগের ৩৩ জন জাতীয় সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে সই নিয়েছি। সরকারীভাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে রাস্তাটি এভাবেই হবে। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিং-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







