‘এসএমই'র উন্নতি, বাংলাদেশের অগ্রগতি’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা।
শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আয়োজিত মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফুজ্জামান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সালাহউদ্দিন তালুকদার, এসএমই ফাউন্ডেশনের পরিচালক নাজিম হাসান সাত্তার, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, ‘করবো কাজ গরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এটাই বর্তমান সরকারের লক্ষ্য। এসএমই পণ্য মেলা ৫ দিন নয় সপ্তাহব্যাপী চলবে। তিনি বলেন, ‘নতুন নতুন পণ্য তৈরির জন্য নতুন প্রজন্মকে কর্মমুখি শিক্ষায় দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘এসএমই সেক্টরের উন্নয়ন ও চাহিদা বৃদ্ধির জন্য সরবরাহ নিশ্চিত করতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগেও উদ্যোক্তা তৈরির কাজ করা হচ্ছে। তিনি বলেন, সরকারের কেনাকাটার ক্ষেত্রেও শতকরা ১৫ ভাগ এসএমই পণ্য কেনার নির্দেশনা রয়েছে। মেলার মাধ্যমে উদ্যোক্তাদের সফলতা কামনা করেন তিনি।
আঞ্চলিক এসএমই পণ্য মেলায় ৬০ টি স্টল রয়েছে। এসব স্টলে ফ্যাশন, পোশাক, চামড়াজাত, খাদ্যসহ নানাবিধ বাহারি পণ্যের সমারোহ রয়েছে। এসব স্টলের মধ্যে ৪৬ জন নারী উদ্যোক্তাও অংশ গ্রহণ করেন। এই মেলা প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলা আগামী ৭ অক্টোবর রাত আটটায় সমাপ্ত হবে।
এরআগে সার্কিট হাউস থেকে প্রধান অতিথি ও জেলা প্রশাসকের নেতৃত্বে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এখানে প্রধান অতিথি বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।







