ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) নিজ ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল হেলিম (৫৮) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ওইদিন রাতেই অভিযুক্তকে আটক করে শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল বারোয়াপাড়া গ্রামের জনৈক্য ব্যাক্তির মেয়ে ও স্থানীয় সিংরইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রতিবেশী আঃ হেলিম (৫৮) ওই ছাত্রীকে স্কুলের আসা-যাওয়ার পথে উত্যক্তসহ বিভিন্ন প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী নিজ বসতঘরের শয়নকক্ষে একা ছিল। এ সময় তার মা পিত্রালয়ে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত আঃ হেলিম ঘরে ঢুকে কিশোরীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে বিষয়টি ভিকটিম তার মা-বাবাকে জানালে তারা স্থানীয় লোকজনকে অবগত করে সুবিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সে এমন কাজ করেছে। আমি এর বিচার চাই। আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমি শুধু চাই, সে যেন ছাড়া না পায়।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি মামলা নথিভূক্তসহ শনিবার আসামীকে জেল হাজতে এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।







