ময়মনসিংহের নান্দাইলে পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাঁচ বোনের বিরুদ্ধে মারধর, জমি বিক্রি, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মো. আব্দুর রাশিদ নামে এক ব্যক্তি।
সোমবার নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিকট লিখিত অভিযোগ দিয়ে তিনি এসব দাবি করেন। নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চণ্ডীপাশা গ্রামের মৃত হাজী আব্দুল খালেকের ছেলে আব্দুর রাশিদ। অভিযোগে তিনি তার পাঁচ বোন ফাতেমা আক্তার, শাহিদা খাতুন, সুফিয়া খাতুন, নাজমা আক্তার ও আম্বিয়া খাতুনকে অভিযুক্ত করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে আব্দুর রাশিদ বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলছে। এর জেরে তাকে এবং প্রয়াত ছোট ভাই শাহজাহান মিয়ার স্ত্রী নাদিরা আক্তারকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। গত ১৯ সেপ্টেম্বর তাকে ও তার স্ত্রী আয়শা আক্তারকে মারধর ও কামড়ে জখম করার অভিযোগও করেন তিনি।
এ ছাড়া গত ২৮ জুন তার অজ্ঞাতে পৈত্রিক জমির দুটি দাগ থেকে ১০ শতাংশ জমি ৫২ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি করেন আব্দুর রাশিদ। প্রয়াত ছোট ভাইয়ের স্ত্রী ও দুই শিশুসন্তানের বিষয়েও তিনি হয়রানির অভিযোগ করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অন্যদিকে, পাঁচ বোনের বিরুদ্ধে সম্পত্তি দখল ও মারধরের অভিযোগ তুলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুল তথ্য উপস্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ও ছবি প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন আব্দুর রাশিদ। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


-1200x567.jpg&w=3840&q=75)




