ময়মনসিংহের নান্দাইলে পুলিশি অভিযানে একটি চোরাই ড্রামট্রাক উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল মধ্যপাড়া এলাকায় রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে একটি হলুদ রঙের টাটা ড্রামট্রাক পার্ক করা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। গাড়িটির গতিবিধি ও অবস্থান সন্দেহজনক মনে হলে এলাকার বাসিন্দারা চুরির আশঙ্কায় নান্দাইল মডেল থানায় খবর দেন।
সংবাদ পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সিংরইল বাজার সংলগ্ন গ্যারেজের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ দেখতে পায়, আটককৃত দুই যুবক একটি মেশিনের সাহায্যে ড্রামট্রাকটি কাটার চেষ্টা করছে। পুলিশ তাদের হাতে-নাতে ধরে ফেলে এবং গাড়িটির বৈধ কাগজপত্র দেখতে চায়। তবে তারা কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং জালিয়াতির আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ড্রামট্রাকটি জব্দ করে এবং দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের দুই পুত্র সাদ্দাম হোসেন ও নজরুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানের দায়িত্বে থাকা নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ড্রামট্রাকটি কেটে যন্ত্রাংশ আলাদা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা গাড়ির কোনো বৈধ কাগজ প্রদর্শন করতে পারেনি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, "স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চোরাই ড্রামট্রাকটি উদ্ধার এবং দুই আসামিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"


-1200x675.jpg&w=3840&q=75)




