বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গনে বিকাল ৫ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ ও নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৫ সালের মে মাসে হোটেল রেস্তোরাঁ সেক্টরে মজুরি ঘোষিত হলেও এখন অব্দি বাস্তবায়ন না করা শ্রম আইনের লঙ্ঘন। সরকার ৩০ জুনের মধ্যে মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে না পারা মালিকদের উপর আইন প্রয়োগ করতে সরকার ব্যর্থ হয়েছে। আগামি ৩১ আগষ্ট দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।







