ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ড, অগ্নি আতঙ্কে হতাহত ও হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে ময়মনসিংহ মঞ্চ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে ময়মনসিংহ মঞ্চের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এটি জনসংশ্লিষ্ট ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। অগ্নিকাণ্ডের পেছনে কারো অবহেলা বা অব্যবস্থাপনা থাকলে তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করা জরুরি।
তিনি বলেন, তদন্ত কমিটি কী পেয়েছে এবং কারা দায়ী, তা জনগণ জানতে চায়। তদন্ত প্রতিবেদন প্রকাশ না করলে ভবিষ্যতে একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তাই সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ময়মনসিংহবাসীকে আশ্বস্ত করার দাবি জানান তিনি।
ইমতিয়াজ আহমেদ দাবি করেন, তারা জানতে পেরেছেন তদন্ত কমিটি মাত্র এক পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি ঘটনার তদন্ত প্রতিবেদন যদি সত্যিই এক পৃষ্ঠার হয়ে থাকে, তাহলেও সেটি জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হাসপাতালের উপপরিচালক জাকির ইসলামের পদোন্নতির বিষয়টিও তারা শুনেছেন। তদন্ত প্রতিবেদন প্রকাশের সময়ের সঙ্গে এ পদোন্নতির বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কর্মসূচিতে তুলে ধরা হয়নি।
ময়মনসিংহ মঞ্চের এই নেতা বলেন, এর আগে তারা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন। প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেককে এক কোটি টাকা করে আর্থিক সহায়তার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আহতদের সংখ্যা ও তাদের অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানান।
ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল থেকে মানুষ বের হওয়ার ক্ষেত্রে একটি মাত্র সিঁড়ি ব্যবহারের পরিস্থিতি তৈরি হয়েছিল। এতে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান।
এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় দায়িত্বে থাকা হাসপাতাল প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানান তিনি। একই সঙ্গে বিভাগীয় কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেন।
বিক্ষোভ থেকে তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ, হতাহতদের সঠিক তথ্য প্রকাশ, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে ময়মনসিংহ মঞ্চের সংগঠক আবু বকর ছিদ্দিক রুমেল, আব্দুল হান্নান আল আজাদ, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, আনোয়ার হোসেন, আরিফুল হাসান, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, সুশান্ত শীল, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহসহ অন্যরা বক্তব্য দেন।
ময়মনসিংহ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি পালন করা হবে।






