ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে স্থানীয় জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে জেলা পরিষদের ডাক বাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনার আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
কার্যক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিধা দাস, সহকারি প্রকৌশলী আব্দুল সালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিকভাবে সচেতন হতে হবে। সবাইকে বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সকলে সচেতন হলে সহজেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।


-Dengue%2520Awarness-1200x712.jpg&w=3840&q=75)




