বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও জেলা কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহের সহকারী পরিচালক সোনিয়া হাসান জিসান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে নতুন কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম। শপথ গ্রহণ ও পরিচিতি সভায় নব-নির্বাচিত সভাপতি হিসেবে কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান,সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী হৃদয় ও অর্থ সম্পাদক বজলুল হক দায়িত্ব গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিডিএলজি উম্মে হাবীবা মীরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে চলতি মাসে ময়মনসিংহ জেলা প্রথম স্থান অর্জন করেছে। সারা দেশের মধ্যে বর্তমানে ময়মনসিংহের অবস্থান অষ্টম। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আরেকটু গুরুত্ব দিয়ে কাজ করি, তবে আগামীতে সারা দেশের মধ্যে আমরা পঞ্চম স্থান অর্জন করতে পারবো।

তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, সবাই পরিবারের প্রতি যেমন গুরুত্ব দেবেন, তেমনি কাজের প্রতিও দায়বদ্ধ থাকবেন। সকলকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে থাকতে হলে অবশ্যই অফিসে অন্য কাউকে দায়িত্ব দিয়ে যাবেন, যেন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসে জনসেবা অব্যাহত থাকে। পরিবার ছেড়ে অতিরিক্ত চাপ নেওয়ার যেমন দরকার নেই, তেমনি কাজে কোনো প্রকার ফাঁকিও দেওয়া যাবে না। আপনারা সবাই মনোযোগ সহকারে সততার সাথে কাজ করবেন। আমার পক্ষ থেকে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতা থাকবে। আসুন, আমরা সবাই একসাথে মিলে ময়মনসিংহকে এগিয়ে নিয়ে যাই।
অনুষ্ঠান শেষে সকল নব-নির্বাচিত কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলাদ ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



-400x300.jpg&w=3840&q=75)




