ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গারপুল এলাকায় প্রকাশ্য দিবালোকে নিজ বসতঘরে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্তর (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আটক অন্তরের বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাদ্দাম হোসেন নগরীর ‘শীর্ষ সন্ত্রাসী’ নুরুদ্দীনের স্ত্রীর বড় ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত সাদ্দাম হোসেন নগরীর শীর্ষ সন্ত্রাসী নুরুদ্দীনের স্ত্রীর বড় ভাই। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন। পাশাপাশি আটক যুবক অন্তরও নুরুদ্দীন গ্রুপের সদস্য, মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি। মাদককে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আটক অন্তর এলাকার বখাটে ও মাদকসেবী প্রকৃতির। সম্প্রতি এক নারীকে জড়িয়ে ধরার ঘটনায় দুই দিন আগে সাদ্দাম তাকে মারধর করেন। এরই জেরে মঙ্গলবার বেলা ১টার দিকে আকুয়া ভাঙ্গারপুল এলাকায় অন্তর সাদ্দামকে নিজের বসতঘরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করেন এবং গলায় আঘাত করে রক্তাক্ত করেন।
এ সময় সাদ্দামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে অন্তরকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
একই সঙ্গে আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।







