নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে বিল নার্সারিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি এলাকায় মোড়াই বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল হক চৌধুরী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্েযর জন্য ক্ষতিকর। এসব জালের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখা সম্ভব। মোবাইল কোর্টের অভিযান শেষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারিতে পোনামাছ অবমুক্ত করা হয়। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশীয় মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।







