একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, আওয়ামী লীগের কট্টর সমর্থক আখ্যা দিয়ে লেখালেখি শুরু হয়। এ অভিযোগ উত্থাপনের মাত্র একদিনের মধ্যেই তাকে স্ট্যান্ডরিলিজ (তাৎক্ষণিক) বদলি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ফেসবুকে তাকে নিয়ে একাধিক তথ্য ও এইচটি ইমামের সঙ্গে ছবি, বিশেষ করে তার (এসিল্যান্ড) ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত করে- ‘শেখ হাসিনা নির্দেশ দিলে তারেক রহমানকে হত্যা করতে প্রস্তুত: এমন মন্তব্য করা অপ্রস্তুত লেনিন ছদ্মনামের ব্লগার এখন বিএনপি সরকারের এসিল্যান্ড’ শিরোনামে ফটোকার্ড ভাইরাল হওয়ায় প্রকাশের পর এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে সচলায়তন, মুক্তমনা ছদ্মনামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে লেখালেখিরও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যার মন্তব্য জানা সম্ভব হয়নি। যার ফলে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন বলেন, রোববার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থে বলা হয়েছে- প্রথম আদেশে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। সোমবার সন্ধ্যায় এসিল্যান্ড কর্ম এলাকা ত্যাগ করেছেন। কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তার ভাষ্য, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোস্তফা আব্দুল্লাহ আল-নূরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানা যায়, ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। গত ১ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গৌরীপুরে যোগদান করেন তিনি। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।







