ময়মনসিংহের গৌরীপুরে পুকুর থেকে সাকিব (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ঠাকুরবাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাকিব রামগোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ঠাকুরবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে সাকিবের পরিবারের সদস্যরা এসে মরদেহটি সনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
সাকিবের চাচা শিবুল মিয়া জানান, রাত থেকে সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। সকাল বেলা মানুষের হৈ চৈ তে তাদের ঘুম ভাঙ্গে। বাইরে এসে দেখেন সাকিবের মরদেহ পুকুরে ভাসছে।
তিনি আরো জানান, গত রাত দশটার দিকে স্থানীয় রামগোপালপুর বাজারের যাওয়ার কথা বলে সাকিব বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। বাড়ি থেকে বের হওযার সময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নেয়নি। তার মোবাইল ফোনটি এখনও রুমেই আছে।কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।






