‘নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন’ নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগান নিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ডেঙ্গু ও মশাবিহীন রোগ প্রতিরোধকল্পে সচেতনতামূলক “সাইকেল র্যালি” আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এসময় জেলা প্রশাসক সাইফুর রহমান, সিটি কর্পোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, সিটি কর্পোরেশেনর প্রধান পরিবহন কর্মকর্তা রাজীব উল আহসানসহ প্রশাসন ও সিটি কর্পোরেশেনর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে র্যালিটি শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সম্মুখ হতে জিরো পয়েণ্ট হয়ে কাঁচিঝুলি মোড়, টাউন হল, বাতিরকল মোড়, নতুনবাজার, গাঙ্গিনারপাড়, র্যালীর মোড়, বাঘমারা, চরপাড়া মোড়, হয়ে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

নগরবাসির মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সাইকেল ব্যবহারকারি তিন শতাধিক শিক্ষার্থী সাইকেল র্যালীতে অংশগ্রহণ করে। র্যালির মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
র্যালি শেষে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে সকালের নাস্তা পরিবেশন করা হয়।







