ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
গত শনিবার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতিমন্ত্রীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবগঠিত এই এডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন ইসরাত জাহান এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি আগামী ৬ মাস মেয়াদে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনসহ প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। বিশেষ করে শিক্ষক-কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে এই কমিটি কাজ করবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন দক্ষ ও জনবান্ধব নেতার সরাসরি তত্ত্বাবধানে বিদ্যালয়টির শিক্ষা পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে।
এই অর্জনে এলাকাবাসীসহ নান্দাইল উপজেলার দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় এবং তারা বলেন- তথ্য প্রতিমন্ত্রী শুধু নান্দাইলের উন্নয়নই নন, শিক্ষার প্রসারেও নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে প্রতিমন্ত্রীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত হবে।







